২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটে অংশগ্রহণের জন্য পুরুষ ও নারী দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বছরের শুরুতে। আগে ২০২৭ সালে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে সূচি পরিবর্তন করে ২০২৮ সালের প্রথম দিকে নির্ধারণ করা হয়েছে।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বছরের শুরুতে। পুরুষ ও নারী—উভয় বিভাগের দলগুলোর জন্য এ প্রতিযোগিতা আয়োজন করা হবে অলিম্পিক শুরুর ছয় মাসেরও কম সময় আগে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদস্য দেশগুলোর সঙ্গে বৈশ্বিক ক্রিকেটের হালনাগাদ সূচি ভাগ করে নিয়েছে। এতে অলিম্পিকের বাছাইপর্ব, ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২০২৮ সালের নারী ও পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও নারী—উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। তবে বাছাইপর্বের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি।
প্রতিটি বাছাইপর্বে অংশ নেবে আটটি দল। সরাসরি যোগ্যতা অর্জনকারী দলগুলোর বাইরে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সাতটি দল এবং ক্যারিবীয় আঞ্চলিক বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল নিয়ে বাছাইপর্বের দল গঠন করা হবে।
১৯০৪ সালের পর প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এবারের আসরে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী—উভয় বিভাগেই অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। তবে এ জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে দেশটিকে।
আইসিসির আগের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে সংশ্লিষ্ট টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের মধ্যে থাকতে হবে যুক্তরাষ্ট্রকে।
মন্তব্য করুন