অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ছিল এ সফরের অন্যতম লক্ষ্য।


জাপানে চার দিনের সরকারি সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন তারেক রহমান। সফরে তিনি দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করেন।

গত ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা হয়। এ বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি ত্বরান্বিত করতে জাপানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দুটি ঋণ সহায়তা প্রকল্পের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একটি টহল জাহাজ সংগ্রহের জন্য ২ দশমিক ১২ বিলিয়ন জাপানি ইয়েন বা ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অনুদান সহায়তার বিষয়টি রয়েছে।

এ ছাড়া ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, কৃষি, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ে একটি আগ্রহপত্রও স্বাক্ষর করেছে দুই দেশ।

ঋণ সহায়তাপুষ্ট প্রকল্প দুটির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং উপজেলা শাসন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সরকারি পর্যায়ের চুক্তির পাশাপাশি জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) উদ্যোগে দুই দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ২৮ অক্টোবর টোকিওতে জেট্রোর সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগ’-এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাপানি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান জানান। খাতগুলো হলো—অটোমোবাইল উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ, উচ্চগতির রেল ও লজিস্টিকস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প।

প্রধানমন্ত্রী ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও সংস্কার কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতিও দেন।

সফরকালে প্রধানমন্ত্রী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জেবিআইসি) গভর্নর কাজুহিকো আমাকাওয়া এবং জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকার সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া ইউনিক্লো, মিতসুই অ্যান্ড কোং, সুমিতোমো কর্পোরেশন ও জেরাসহ জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ সম্প্রসারণ, কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।

জাপানের জ্বালানি ও পরিবহন অবকাঠামো সম্পর্কে সরাসরি ধারণা নিতে ২৭ অক্টোবর ফুত্তসুতে জেরার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং ইচিকাওয়ায় নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার নাগোয়া সফরে তিনি টয়োটা মোটর করপোরেশনের মোতোমাচি কারখানা এবং টয়োটা মেমোরিয়েটিভ মিউজিয়াম অব ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেন। সেখানে জাপানের অটোমোবাইল উৎপাদনব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে অবগত হন তিনি।

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের উদ্যোগের মধ্যেই প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হলো। দুই দেশের প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন কাঠামো তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি ঢাকা মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সহযোগিতা দিয়ে আসছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক

1

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

2

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

3

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

4

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

5

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস, স্বাগ

6

সব আমলের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

7

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুর

8

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

9

অস্ট্রেলিয়ার ব্যাটিং ‘ভয়াবহ ও লজ্জাজনক’, ক্ষুব্ধ ওয়ার্নার

10

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

11

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

12

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

13

ভুয়া রপ্তানির চেষ্টা, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

14

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

15

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

16

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

17

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

18

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

19

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

20