২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাঁদের মধ্যে ৩৮৫ জন মেধাবৃত্তি এবং ২ হাজার ৫৯৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৯৮৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শর্ত সাপেক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে ২ হাজার ৯৮৩ জনকে।
তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৮৫ জন মেধাবৃত্তি এবং ২ হাজার ৫৯৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। বোর্ডের নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে তাঁরা এ বৃত্তির সুবিধা পাবেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ বাসসকে জানান, শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি প্রদানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন