ঢাকা, ২৮ জুলাই ২০২৬: প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাস্তবায়নের লক্ষ্যে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এই চুক্তির মাধ্যমে কোম্পানিটির আইপিও কার্যক্রমে ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির পক্ষে চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত আইপিওর জন্য পূর্ণাঙ্গ ইস্যু ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। পাশাপাশি তালিকাভুক্তির পুরো প্রক্রিয়াজুড়ে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, এ অংশীদারিত্ব আইপিও প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির পুঁজিবাজারে অবস্থান আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন