অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন বিতর্কিত করতে জামায়াত অপপ্রচার চালাচ্ছে: রিজভী

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ ছাড়াই অপপ্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অতীতের বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সংকটের মতো এবারও দলটি নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনের নির্বাচন কিংবা চলমান রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ না করেই শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় করাই এর লক্ষ্য। তবে জনগণ সচেতন হওয়ায় অপপ্রচার চালিয়ে সফল হওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে টানা ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও আদর্শবান নেতা। শত শত ভুয়া মামলা, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমেদের মতো বেগম খালেদা জিয়াসহ বিএনপির বহু নেতাকর্মীকে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।

ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

1

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

2

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

5

শান্ত-মুশফিকের সেঞ্চুরি মিস, ৩২৯ রানের লিডে চালকের আসনে বাংল

6

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

7

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

8

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

9

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

10

বিরোধীরা সংলাপে এলে জুলাই সনদে ছাড় দিতে পারে সরকার

11

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

12

জাপান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নি

13

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

14

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান

15

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

16

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

17

বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

18

আফগানিস্তান ম্যাচে মিরাজকে পাওয়ার আশায় বাংলাদেশ, আশাবাদী সিম

19

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

20