বিদেশি কোম্পানির কাছে দেশের বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে বলে মনে করেন জোটটির নেতারা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মহাসচিব আমানতউল্লাহ আমান, বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য খান মো. নুরে আলম এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির যুগ্ম মহাসচিব মো. শাহজালাল মোল্লা পলাশ।
এ ছাড়া ফরহাদ রেজা, দপ্তর সম্পাদক জুয়েল আকন, সাম্যবাদী দলের নেতা আজাদ হোসেন হৃদয়সহ জোটের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে তাদের প্রত্যাশা হলো—বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারা না দিয়ে দেশের প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা এবং তাদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া।
তাদের মতে, দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।
মন্তব্য করুন