বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। তারা দুজনই বর্তমানে রুমিন ফারহানার সমর্থক।
খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জের লালপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাঠাগারের সভাপতি আতাউর রহমান উপজেলা মিলনায়তন বরাদ্দের জন্য আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে।
বুধবার দুপুরে মিলনায়তন বরাদ্দসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আপডেট জানতে উপজেলা পরিষদে যান আবদুল কাদির শাহ পাঠাগারের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব।
ইউএনওর সঙ্গে দেখা করার জন্য তার কক্ষে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে সেখানে বসে থাকতে দেখে তারা আর ভেতরে ঢোকেননি। পরে সেখান থেকে নিচে নেমে নিজেদের মধ্যে কথা বলার সময় বিএনপির কয়েকজন সমর্থক অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে দুই দিকে ফিরিয়ে দেন।
আহত রাসেল অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নিজে এসে তার লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। সংসদ সদস্য রুমিন ফারহানা বিজয়ী হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিপক্ষ হয়ে আছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে তাদের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন।
আশুগঞ্জ ইউএনও জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ইউএনও বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানা চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লোকজনের মাধ্যমে ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। রুমিন ফারহানার দুজন সমর্থকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন