ক্লাব ও জাতীয় দলের হয়ে পারফরম্যান্স, দলীয় সাফল্য, শিরোপা অর্জন এবং মাঠে খেলোয়াড়দের প্রভাব—সবকিছু বিবেচনায় নিয়ে দীর্ঘ মূল্যায়নের পর মনোনয়ন তালিকা প্রস্তুত করা হয়েছে।
গত মৌসুমে ইউরোপের ঘরোয়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশেষ করে ২০২৬ বিশ্বকাপ ঘিরে ছিল ব্যাপক উত্তেজনা। ফলে এবারের ব্যালন ডি’অরের লড়াইও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। ধাপে ধাপে বিভিন্ন বিভাগের মনোনীতদের নাম প্রকাশ করছে আয়োজকরা।
শুরুতেই বর্ষসেরা নারী ক্লাবের মনোনয়ন প্রকাশ করা হয়। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী বার্সেলোনা এই বিভাগে অন্যতম ফেবারিট। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ।
বর্ষসেরা পুরুষ ক্লাবের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছে চমক। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ আর্সেনাল জায়গা পেয়েছে এই তালিকায়। গানারদের সঙ্গে লড়াই করবে বায়ার্ন মিউনিখ, নরওয়ের বোদো/গ্লিম্ট, ব্রাজিলের ফ্লামেঙ্গো ও ফরাসি জায়ান্ট পিএসজি।
বর্ষসেরা নারী কোচের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন। তারা হলেন জোনাথন গিরাল্ডেজ (লিওঁ), আন্দ্রে জেগলার্টজ (ম্যানচেস্টার সিটি), নিলস নিলসেন (জাপান জাতীয় দল), পেরে রোমেউ (বার্সেলোনা) এবং এলেনা সাদিকু (সেল্টিক)।
পুরুষদের বর্ষসেরা কোচের মনোনয়ন তালিকায় স্পেনের কোচদের আধিপত্য দেখা গেছে। এখানে রয়েছেন আর্সেনালের মিকেল আর্তেতা, স্পেন জাতীয় দলের লুইস দে লা ফুয়েন্তে, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং পিএসজির লুইস এনরিকে। তাদের সঙ্গে রয়েছেন বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।
তবে এই বিভাগে সবচেয়ে বড় আলোচনার বিষয়, তালিকায় নেই হানসি ফ্লিক, পেপ গার্দিওলা, দিয়েগো সিমিওনে এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির নাম।
বর্ষসেরা নারী গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জার্মানির অ্যানে-ক্যাথরিন বার্জার, স্পেনের ক্যাটা কল, ইংল্যান্ডের হ্যানা হ্যাম্পটন, ব্রাজিলের লোরেনা এবং জাপানের আয়াকা ইয়ামাশিতা।
অন্যদিকে, বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের ‘ইয়াসিন ট্রফি’র জন্য মনোনীত হয়েছেন ১০ জন। তালিকায় আছেন হোয়ান গার্সিয়া, ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেস, গ্রেগর কোবেল, এদুয়ার্দ মেন্ডি, ডেভিড রায়া, উনাই সিমন, কেপ ভার্দের ভোজিনিয়া ও রাশিয়ার মাতভে সাফোনভ।
তরুণ ফুটবলারদের জন্য নির্ধারিত ‘কোপা ট্রফি’র লড়াইয়েও রয়েছে বেশ কয়েকজন আলোচিত নাম। এবার এই পুরস্কারের দৌড়ে আছেন মরক্কোর আইয়ুব বুয়াদ্দি ও আলজেরিয়ার ইব্রাহিম মাজা। তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন স্পেনের লামিন ইয়ামাল ও পাউ কুবার্সি। পাশাপাশি মনোনয়ন পেয়েছেন লেনার্ট কার্ল, এলি জুনিয়র ক্রুপি এবং ওয়ারেন জাইর-এমেরির মতো উদীয়মান প্রতিভারাও।
বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিকদের সরাসরি ভোটে নির্ধারিত হবে ব্যালন ডি’অরের বিজয়ী। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্য, মাঠে প্রভাব এবং খেলোয়াড়সুলভ আচরণকে গুরুত্ব দিয়ে ভোট দেবেন বিচারকরা।
আগামী ২৬ অক্টোবর ২০২৬ লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি’অরের ট্রফি। ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম ফ্রান্সের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।
মন্তব্য করুন