সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত, চিকিৎসা সহায়তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফরকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়ও জোরদার করা হচ্ছে।
বিশেষ করে মাজার জিয়ারত এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে প্রস্তুতি আরও বাড়ানো হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
একই দিন বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বহরে জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিক্যাল টিম প্রস্তুত রাখা, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি ভিআইপি কেবিন প্রস্তুত রাখা এবং ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সফরকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জেলা স্টেডিয়ামের উন্নয়নকাজ পরিদর্শন, সার্কিট হাউজ ও দরগাহ এলাকায় রং ও সৌন্দর্যবর্ধন, সিসি ক্যামেরা সচল রাখা এবং বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ সংস্কারের বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও প্রস্তুতি জোরদার করা হয়েছে। পাশাপাশি পুরো সিলেটে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এসব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর রাখার তাগিদ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন