অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জাপান সফরে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও। পাশাপাশি আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ এক লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে প্রায় দুই লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরকে দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিভিন্ন অর্জন ও ফলাফল তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতাকে পারস্পরিক সুবিধাভিত্তিক অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্বে রূপান্তরের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মাধ্যমে বিনিয়োগ, কর্মসংস্থান, প্রযুক্তি ও মানবসম্পদকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার ভিত্তি তৈরি হয়েছে।

তিনি বলেন, সফরের অর্জন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির প্রতিফলন। জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করাই এ নীতির মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ এখন প্রচলিত সহজ শর্তের ঋণ ও উন্নয়ন সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান এবং অভিন্ন অর্থনৈতিক সুযোগের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।

প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশের সঙ্গে শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, প্রকৃত পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। এ সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সম্মান ও অভিন্ন অর্থনৈতিক স্বার্থ। কোনো দেশই অন্য দেশের অধস্তন বা নির্ভরশীল অবস্থানে থাকবে না।

**পাঁচ বছরে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা**

জাপান সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ এক লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন হুমায়ুন কবির।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

তবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, এ অর্থের বিষয়টি জাপানের বেসরকারি খাতের সম্ভাব্য বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত। এটি কোনো সরকারি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি নয়।

বিনিয়োগ বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, পারস্পরিক পরামর্শ ও মন্ত্রী পর্যায়ের যৌথ আলোচনার পর উভয় দেশের সুবিধাজনক সময়ে শিগগিরই জাপানের একটি অর্থনৈতিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিনিয়োগ প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে জাতীয় অগ্রাধিকার, ব্যয় বহনের সক্ষমতা, প্রতিযোগিতামূলক অবস্থান এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও বিনিয়োগের বিপরীতে যথাযথ সুফল নিশ্চিত করে এমন প্রস্তাবকেই অগ্রাধিকার দেবে সরকার।

**অভিন্ন সমৃদ্ধিতে বিআইজি-বি উদ্যোগ**

দুই দেশের দীর্ঘদিনের ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিআইজি-বি) উদ্যোগকে ‘বিআইজি-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ বা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিআইজি-বি হিসেবে উন্নীত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জাপান।

হুমায়ুন কবির বলেন, পরিবর্তিত অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প স্থাপনা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থার সমন্বিত উন্নয়নের পাশাপাশি সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে এ উদ্যোগ নিয়ে সফরে শুধু বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের বিষয়েই আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষায়, ‘তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি।’ অন্য কোনো দেশকে যুক্ত করে আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণ প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে সরকার।

**বড় উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত**

বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জাপান তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানান হুমায়ুন কবির।

আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর প্রস্তুতি, ঢাকার গণপরিবহন ব্যবস্থা বা এমআরটি প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় জাপানের ভবিষ্যৎ সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছে।

অর্থনৈতিক সহনশীলতা বৃদ্ধি ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতে জাপানের ৫ হাজার কোটি ইয়েন বা প্রায় ৩১ কোটি ৪০ লাখ ডলারের জরুরি সহায়তা ঋণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে বৈঠকেও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় জাপানের অর্থায়নে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সহজ শর্তে অর্থায়ন অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

জাপানের ঋণের শর্তাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, অর্থায়নের ব্যয় বহনের সক্ষমতা ও অর্থনৈতিক সুফল বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বিদ্যমান অন্যান্য বিকল্পের সঙ্গে তুলনা করে ঋণ প্রস্তাব মূল্যায়ন করবে বাংলাদেশ।

**মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরে গুরুত্ব**

প্রধানমন্ত্রীর সফরে মানবসম্পদ উন্নয়ন, কারিগরি সহযোগিতা এবং শিল্পের আধুনিকায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং, মারুবেনি করপোরেশন, মিতসুবিশি করপোরেশন ও টয়োটা সুশো করপোরেশনসহ জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এসব আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, উন্নত উৎপাদনশিল্প এবং অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয় উঠে আসে।

এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণ নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম সংলাপে অংশ নিয়ে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

হুমায়ুন কবির বলেন, করব্যবস্থা, শুল্ক ছাড়করণ, রেমিট্যান্স ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

**জ্বালানি ও উৎপাদন খাতে সহযোগিতার সম্ভাবনা**

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানের ফুৎসুতে জেরা (জেইআরএ)-এর এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং চিবা প্রিফেকচারের একটি সরবরাহ ও পণ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেন।

এলএনজি স্থাপনা পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের নিজস্ব জ্বালানি অবকাঠামো পরিকল্পনার জন্য বাস্তব অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান অর্জনই ছিল এ সফরের লক্ষ্য। জাপান থেকে এলএনজি আমদানির বিষয়ে কোনো আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর নাগোয়া শহরে টয়োটার উৎপাদন কারখানাও পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বাংলাদেশে গাড়ি ও অন্যান্য যন্ত্রপাতি উৎপাদনের কারখানা স্থাপনে তাঁদের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

**ছয়টি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই**

প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক পরিবেশ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, উপকূলীয় নিরাপত্তা, জলবায়ু সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ছয়টি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানান হুমায়ুন কবির।

এ ছাড়া বিনিয়োগ সহায়তা এবং স্থানীয় সরকার উন্নয়নসংক্রান্ত ব্যবস্থাপনাও চূড়ান্ত করা হয়েছে।

দুই দেশ টেকসই নগরায়ণ, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক প্রবৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় জাপানের অব্যাহত সম্পৃক্ততাও চেয়েছে বাংলাদেশ।

এ ছাড়া বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা, নৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে মতবিনিময় হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক রপ্তানিতে ৬.১০ শতাংশ প্রবৃদ্ধি, ৩ মাসে আয় ১০.৫৮ বিলিয়ন

1

চীনে শিশুদের ছাড়াল প্রবীণ নির্ভরশীলতার হার, বাড়ছে নতুন ব্যবস

2

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্

3

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

4

ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

5

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

9

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

10

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

11

১৫ বছরে ১২০ কোটি তরুণের বিপরীতে কর্মসংস্থান হবে মাত্র ৪০ কোট

12

হানাহানি নয়, সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

13

শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টায় দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চ

14

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

17

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

18

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

19

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

20