বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে দীর্ঘদিনের নিম্ন ভোল্টেজ সমস্যার সমাধানে কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ও শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালু হয়েছে। নতুন এ অবকাঠামোর মাধ্যমে প্রায় ২০ লাখ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের মান ও নির্ভরযোগ্যতা বাড়াতে কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালু করা হয়েছে।
শুক্রবার পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নতুন এ বিদ্যুৎ অবকাঠামো চালু করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর ফলে প্রায় ২০ লাখ মানুষ উপকৃত হবেন।
পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেনদেনিং প্রকল্পের আওতায় নির্মিত এ সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালুর ফলে অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা, সরবরাহের নির্ভরযোগ্যতা এবং বিদ্যুতের মান উন্নত হবে বলে আশা করছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে পাওয়ার গ্রিড জানায়, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল এবং নেত্রকোনার কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে নিম্ন ভোল্টেজের সমস্যা ছিল। আগে এসব এলাকায় ১৩২ কেভি নেটওয়ার্কে ভোল্টেজ ১০২ থেকে ১০৫ কেভিতে নেমে আসত। নতুন অবকাঠামো চালুর পর তা বেড়ে ১২০ থেকে ১২১ কেভিতে পৌঁছেছে।
সংস্থাটি আরও জানায়, নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র জাতীয় গ্রিডের স্থিতিশীলতা এবং পরিচালনগত নির্ভরযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের উত্তর-মধ্যাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।