মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
তিনজনের মধ্যে মির্জা ফয়সাল আমিন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক সময়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহকারী নেতারা বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের দপ্তরে ফরম জমা দেবেন।
মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত আস্থাভাজন।
দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীরা বুধবারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন