বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। জোটটির নেতারা বলেছেন, এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচার ২২/১, তোপখানা রোডে জোটটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মহাসচিব আমানতউল্লাহ আমান, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য খান মো. নুরে আলম, পিডিপির যুগ্ম মহাসচিব মো. শাহজালাল মোল্লা পলাশ, দপ্তর সম্পাদক ফরহাদ রেজা, সাম্যবাদী দলের নেতা জুয়েল আকন ও আজাদ হোসেন হৃদয়সহ জোটের কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে তাঁদের প্রত্যাশা, বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিতে হবে।
তাঁরা আরও বলেন, দেশীয় প্রতিষ্ঠানকে সক্ষম করে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।
মন্তব্য করুন