
ইসলামী ছাত্রশিবির সভাপতির একটি বক্তব্যের কঠোর জবাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মতে, যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে থেকে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে এখন শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর।
ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সম্প্রতি ছাত্রশিবির সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া জানায় ছাত্রদল।
বিবৃতিতে ওই বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি হিসেবে উল্লেখ করা হয়। নাছির উদ্দীন নাছির বলেন, যারা দীর্ঘ সময় নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় অবস্থান করেছে, তাদের বর্তমান শক্তি প্রদর্শনের ভাষা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও অভিযোগ করেন, এখনও ছাত্রশিবিরের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে, যা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি।
বিবৃতিতে দাবি করা হয়, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী তৎপরতা ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা ইতোমধ্যে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এখন আর কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
ছাত্রশিবির সভাপতিকে উদ্দেশ করে নাছির উদ্দীন নাছির বলেন, ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ শেষ হলেও ছাত্রদলের অবস্থান নড়বড়ে করা সম্ভব হবে না।
বিবৃতির শেষাংশে ছাত্রদল জানায়, তারা সংঘাতের রাজনীতিতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। তবে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।