
জনগণের মৌলিক সেবা নিশ্চিত করা এবং রাজধানীতে নাগরিক সুবিধা আরও সম্প্রসারণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ, সবুজায়ন এবং অবৈধ খাল দখলমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদি এলাকায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং সঠিক সেবা নিশ্চিত করা শুধু সরকারের নয়, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মানবিক নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
রাজধানীর নাগরিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ঢাকার জনসংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি হওয়ায় গ্যাস, বিদ্যুৎ ও পানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব কমানো এবং নগরকে আরও সবুজ করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব অবৈধ খাল দখলমুক্ত করে পুনঃখননের পাশাপাশি দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে এবং জনগণের অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দিতে কাজ করছে বলেও দাবি করেন।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম টেকসই করতে সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে। সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধের পাশাপাশি নির্মিত অবকাঠামোর রক্ষণাবেক্ষণেও নাগরিকদের সচেতন ভূমিকা রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।