প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা
দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। এরপর শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্ত এ আয়োজনে অংশ নেন।
রথযাত্রা শেষে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, ভজন-কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ও সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আটদিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।