
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস) নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় ভজনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত ও স্বচ্ছ লটারি প্রক্রিয়ার মাধ্যমে ৬ জন নারী কর্মী নির্বাচন করা হয়। নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা এলজিইডির সার্ভেয়ার জয়নাল আবেদীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলামিন।
এ সময় উপস্থিত ছিলেন ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসলিম উদ্দীন, ইউপি সদস্য মো. রিয়াজ উর রহমান, মো. কাজিম উদ্দীন, মো. মকবুল হাসেন, মো. শামসুল হক সরকার, মো. ইউসুব আলী, মো. আবির আলী, মো. তবিবর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. লিপি আক্তার, মোছা. মুক্তা বেগম ও মোছা. হালিমা খাতুন। এছাড়াও সাংবাদিক, এলসিএস সুপারভাইজার, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিয়োগের পুরো লটারি কার্যক্রম সবার সামনে উন্মুক্তভাবে পরিচালিত হয়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকে।
জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে তিন বছরের জন্য মোট ৪১ জন নারী এলসিএস কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় ভজনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৩৪ জন নারী আবেদনকারী লটারিতে অংশ নেন। সেখান থেকে ৬ জনকে নির্বাচিত করা হয়।
নির্বাচিতরা হলেন—ভদ্রেশ্বর গ্রামের আইবুল হকের মেয়ে আমেনা, সাহাদৎের মেয়ে শাহিনা, ফকিরপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে আকলিমা, প্রধানগছ গ্রামের সকিন আলীর মেয়ে ফুলবানু, কুরনগছ গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে নাজমা এবং গনাগছ গ্রামের রজিফুলের মেয়ে রুপবান।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসলিম উদ্দীন বলেন, এই প্রকল্প কেবল গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নেরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের কর্মসংস্থান নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং সমাজে তাদের মর্যাদা আরও সুদৃঢ় করবে। তিনি আরও জানান, এলজিইডির এ উদ্যোগে উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।