
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে ধারণ করে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফুলবাড়ীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিভুত ভুষনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি এবং স্থানীয় সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপরও তারা গুরুত্বারোপ করেন।