
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার কোথাও অসুস্থ গরু জবাইয়ের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হবে। একই সঙ্গে এ ধরনের অভিযোগ পাওয়া মাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।