প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জাপান সফরের অগ্রগতি তুলে ধরলেন তারেক রহমান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফর, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক এবং দ্বিপক্ষীয় বৈঠকের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান এবং সাক্ষাৎ করতে আসায় আন্তরিক ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। বিশেষ করে সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়েও তাঁকে অবহিত করেন।
পরে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনা এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানান। এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এসব বিষয় সফরে উঠে আসায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি বাড়ানোর পাশাপাশি বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে এসব তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২ ছাড়াও বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন