প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
তেঁতুলিয়ায় সড়কের পাশে পাথর-বালি অপসারণের নির্দেশ ইউএনওর

সড়ক দুর্ঘটনা কমাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাস্তার শোল্ডারে জমে থাকা পাথর ও বালি দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়কের পাশে পাথর-বালি স্তূপ করে লোড-আনলোড এবং অবৈধভাবে পাথর-বালি উত্তোলন বন্ধের আহ্বান জানানো হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়কের শোল্ডারে জমে থাকা পাথর ও বালি অপসারণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৭টায় ভজনপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সামনে ভজনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান, উপজেলা পাথর-বালু সরবরাহকারী সমিতির সভাপতি, পাথর-বালু যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোশারফ হোসেন এবং অ্যাডভোকেট আহসান হাবীব সরকারসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আনোয়ার হোসাইন বলেন, রাস্তার দুই পাশে পাথর-বালি স্তূপ করে লোড-আনলোড করা যাবে না। সড়কের ওপর জমে থাকা বালির স্তর সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই রাস্তার ওপর পড়ে থাকা বালি দ্রুত অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করা যাবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন