প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
ফারইস্টকে টাইব্রেকারে হারিয়ে এবিজি কাপের ফাইনালে এআইইউবি

এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় পেনাল্টি শুটআউটে জয় নিশ্চিত করে দলটি।
এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। সোমবার (২ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে তারা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। ১৮ মিনিটে রাশেদুলের দারুণ গোলে এগিয়ে যায় এআইইউবি। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে আক্রমণ জোরদার করে ফারইস্ট।
এরপর ৩২ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে গোল করেন রানা। তাঁর গোলে ১-১ সমতায় ফেরে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও উভয় দল গোলের সুযোগ তৈরি করে। তবে কোনো পক্ষই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।
পরে টাইব্রেকারে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে এআইইউবি।
আগামীকাল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। এতে এআইইউবির প্রতিপক্ষ হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর আগে প্রথম সেমিফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ড্যাফোডিল।
টুর্নামেন্টের সব ম্যাচ দেশের ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন