
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে কোপা দেল রে ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোপা দেল রের প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বুধবার বিকেল ও সন্ধ্যায় ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো স্প্যানিশ ফুটবল পরিবার শোকাহত। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে ফেডারেশন।
বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার সকালে টলেডো প্রদেশে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন তারিখ ও শুরুর সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে আরএফইএফ।
প্রাথমিক হিসাব অনুযায়ী, মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জন। আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।