
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার দুটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে। মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এ চিনি কিনতে মোট ব্যয় হবে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা।
সরকার ১০ হাজার মেট্রিক টন চিনি কিনতে যাচ্ছে। এ জন্য দুটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রস্তাব অনুযায়ী, প্রতি কেজি চিনি কেনা হবে ১০২ টাকা ৯৫ পয়সা এবং ১০৩ টাকা ৯৫ পয়সা দরে। উভয় প্রস্তাবেই সরবরাহকারী হিসেবে নির্বাচিত হয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড।
মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী থাইল্যান্ড থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চিনি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম প্রস্তাবে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ৫১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০২ টাকা ৯৫ পয়সা। ভ্যাট ও করসহ নির্ধারিত এ দরে ৫০ কেজির বস্তায় চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড।
দ্বিতীয় প্রস্তাবে একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরও ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। এ মূল্যেও ভ্যাট ও কর অন্তর্ভুক্ত রয়েছে।
দুটি প্রস্তাবে মোট ১০ হাজার মেট্রিক টন চিনি কিনতে সরকারের ব্যয় হবে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির গড় ক্রয়মূল্য দাঁড়াবে ১০৩ টাকা ৪৫ পয়সা।